খোকার মা
লেখাঃ মুকুলিকা দাস
অলংকরণঃ জয়দীপ বসু
সকাল সকাল উঠে মা খেজুরের গুড় জাল দেয়। চিড়ে,
মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে মোয়া বানিয়ে নেয়। খই দিয়ে বানিয়ে নেয় মুড়কি।
দুধ জ্বাল দিচ্ছে নিভু নিভু আঁচে, ক্ষীর বানাতে
হবে যে! খোকা এলে গরম গরম ভেজে দেবে পাটিসাপটা। নারকেল কুড়ে রেখেছে, আর পাটালিগুড়ও
গুঁড়ো করে রাখা। গরম গরম ভাপাপিঠে ভীষণ ভালোবাসে তার খোকা।
শেষে বসিয়ে দেয় খেজুরের গুড়ের পায়েস, গোবিন্দভোগ
চাল পড়তেই গন্ধ ছড়িয়ে যায় ঘরে।
সন্ধ্যে হয়ে এসেছে, খোকা তার এল বুঝি, গাড়ির
আওয়াজ পাওয়া যায়।
বাইরে বেরিয়ে দেখে, তেরঙায় মোড়া কফিনে এসেছে
খোকা।
পাটালিগুড় পিঁপড়েয় খায়, ক্ষীরে মাছি বসে!
জন্মদিনে মায়ের হাতে পায়েসটাও খাওয়া হলনা খোকার।

Comments
Post a Comment